স্বপন কুমার কুন্ডু: অতি তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ঈশ্বরদীতে। সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
বাতাসে কমেছে আর্দ্রতা। আকাশে মেঘ নেই ও বৃষ্টির কোন পূর্বাভাসও দিতে পারছে না আবহাওয়া অফিস । এ পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়ের রীতি রয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে শহরের পূর্বটেরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন ঈশ্বরদী সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসার প্রাক্তন মুহ্তামিম মাওলানা আব্দুল হান্নান। ইস্তিসকার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান দেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ওয়ালিউল্লাহ।
এরআগে সোমবার ইস্তিসকার নামাজের জন্য কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা দেয়া হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে পৌর এলাকায় মাইকিং করে নামাজে অংশগ্রহণের জন্য মুসল্লিদের আহবান জানানো হয়। প্রায় তিন শতাধিক মুসুল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মাওলানা আব্দুল হান্নান তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন।
ঈদগাহ ময়দানে নামাজ শুরুর আগে থেকেই কোরআন তেলোয়াত শুরু হয়। স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী কোরআন তেলোয়াত করেন। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, অতি তীব্র তাপদাহে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার জীবদ্দশায় এমন পরিস্থিতিতে ইস্তিসকার সালাত আদায় করতেন। আমরাও আজ অংশ নিয়ে আল্লাহ কাছে বৃষ্টি ও গরমের তীব্রতা নিরসনের জন্য দোয়া কামনা করেছি।

