বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক ট্র্যাজেডির নাম হলো উচ্চশিক্ষিত বেকারত্বের মিছিল। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যে বিপুল সংখ্যক তরুণ-তরুণী কর্মসংস্থানের সন্ধানে রাজপথে বা চাকরির বিজ্ঞপ্তির পাতায় হন্যে হয়ে ফিরছেন, তাদের বিশাল একটি অংশের কপালে জুটছে না প্রত্যাশিত কাজ। অথচ ঠিক এই একই সময়ে দেশের শিল্পের উৎপাদন খাত, তথ্যপ্রযুক্তি, কৃষি ব্যবস্থাপনা, আধুনিক ব্যাংকিং এবং সাপ্লাই চেইনের মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ কর্মীর তীব্র অভাব পরিলক্ষিত হচ্ছে। এই যে চাহিদার সাথে সরবরাহের বিশাল ও হতাশাজনক ফারাক, এটিই নির্দেশ করে যে আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থা এবং আধুনিক কর্মবাজারের মধ্যে এক গভীর, কাঠামোগত এবং ভয়াবহ অসামঞ্জস্যতা বিরাজ করছে। আমরা এমন এক শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছি যেখানে জ্ঞান অর্জনের চেয়ে সার্টিফিকেট অর্জনের অশুভ প্রতিযোগিতা কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থীরা পড়ছে ঠিকই, কিন্তু শিখছে কতটা, তা নিয়ে প্রশ্ন তোলার সময় আজ চূড়ান্তভাবে সমাগত।
আমাদের শিক্ষাব্যবস্থা মূলত এমন এক গণ্ডিবদ্ধ কাঠামো অনুসরণ করে যেখানে তাত্ত্বিক জ্ঞানকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয় এবং ব্যবহারিক শিক্ষাকে অবহেলার চোখে দেখা হয়। বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা মুখস্থবিদ্যার ওপর নির্ভর করে পরীক্ষায় ভালো ফলাফল করছে, গোল্ডেন জিপিএ ৫ অর্জন করছে, এবং মেধার সনদপত্র পাচ্ছে; কিন্তু কর্মক্ষেত্রে পা রাখার সাথে সাথেই তারা এক চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছে, যেখানে পাঠ্যপুস্তকের তত্ত্ব আর কর্মক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জের মধ্যে বিন্দুমাত্র মিল নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রি বা শ্রমবাজারের চাহিদার সাথে কোনো ধরনের যোগসূত্র ছাড়াই পাঠ্যক্রম সাজাচ্ছে, যা বর্তমান যুগের চতুর্থ শিল্পবিপ্লব ও প্রতিযোগিতামূলক বিশ্বের চাহিদার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে কর্পোরেট জগৎ বা শিল্পকারখানার মালিকরা হতাশ হয়ে বলছেন, তারা কাজ জানাশোনা লোক খুঁজে পাচ্ছেন না, অথচ লক্ষ লক্ষ ডিগ্রিধারী তরুণ ঘরে বসে দীর্ঘশ্বাসের সাথে বেকারত্বের অভিশাপ বইছে। এই যে গ্যাপ, এটি দেশের অর্থনীতিকে কেবল পিছিয়ে দিচ্ছে না, বরং তরুণ প্রজন্মের অমিত সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করছে।
শিক্ষার এই বাণিজ্যিকীকরণ এবং মানের ব্যাপক অবনতি পরিস্থিতিকে আরও বেশি জটিল ও ভয়াবহ করে তুলেছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মান নিশ্চিত করার চেয়ে ব্যবসা প্রসারে বেশি মনোযোগী। এসব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের অনেকেরই ইংরেজি যোগাযোগ দক্ষতা, আধুনিক কম্পিউটার লিটারেসি, জটিল সমস্যা সমাধানের সক্ষমতা কিংবা দলবদ্ধভাবে কাজ করার মৌলিক গুণাবলির অভাব প্রকট। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার পরিবেশ এবং প্রযুক্তির সাথে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ঘাটতি রয়েছে। ফলে বৈশ্বিক শ্রমবাজার তো দূরের কথা, দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতেই আমরা বারবার ব্যর্থ হচ্ছি। অথচ আমাদের পাশেই অনেক দেশ তাদের শিক্ষাকে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতার সাথে যুক্ত করে বিশাল জনশক্তিকে সম্পদে রূপান্তর করতে সক্ষম হয়েছে। আমরা কেন পিছিয়ে থাকছি, তা আজ জাতীয় পর্যায়ে আত্মসমালোচনার দাবি রাখে।
শিক্ষার এই অসামঞ্জস্যতার আরেকটি অত্যন্ত গভীর কারণ হলো আমাদের সামাজিক মানসিকতা। আমাদের সমাজে এখনো একটি ধারণা বদ্ধমূল যে, কায়িক শ্রম, উৎপাদনমুখী কাজ বা কারিগরি কাজের চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে করা দাপ্তরিক কাজই হলো একমাত্র সম্মানজনক পেশা। অভিভাবকরা সন্তানদের এমনভাবে গড়ে তুলছেন যাতে তারা কেবল চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্নই দেখতে শেখে। এই গণ্ডিবদ্ধ স্বপ্ন থেকে বেরিয়ে আসার কোনো অবকাশ রাখা হয় না। ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাকে এখনো একটি নিম্নমানের শিক্ষা হিসেবে দেখার যে হীনম্মন্যতা আমাদের মজ্জাগত, তা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী বা দক্ষ কাজে উৎসাহিত করছে না। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী কেবল সামাজিক মর্যাদার কথা ভেবে অপ্রয়োজনীয় তাত্ত্বিক পড়াশোনা শেষ করে অদক্ষ হিসেবে শ্রমবাজারে প্রবেশ করছে এবং শেষ পর্যন্ত হতাশায় নিমজ্জিত হচ্ছে। অথচ উন্নত বিশ্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন পেশাজীবী অনেক ক্ষেত্রে সাধারণ স্নাতক ডিগ্রিধারীদের চেয়ে বেশি আয় করেন এবং অধিকতর সম্মান নিয়ে কাজ করেন।
কর্মসংস্থানের এই সংকটের পেছনে আরেকটি বড় কারণ হলো, আমাদের দেশের উদ্যোক্তা তৈরির সংস্কৃতির অভাব। আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করে না যে তারা নিজেরাই চাকরির বাজার তৈরি করবে। সবাই কেবল চাকরির খোঁজে অন্যের দ্বারে ধর্ণা দেয়, কিন্তু নিজের মেধা ও শ্রম দিয়ে নতুন কিছু সৃষ্টির মানসিকতা গড়ে ওঠে না। ব্যাংক ঋণ প্রাপ্তির জটিলতা, নতুন ব্যবসার পরিবেশগত প্রতিকূলতা এবং ব্যর্থ হওয়ার সামাজিক ভয়—এই সবগুলো মিলে আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তিতে বাধা দেয়। যদি শিক্ষা ব্যবস্থায় উদ্যোগী হওয়ার মানসিকতা এবং ব্যবসা পরিচালনার কৌশলগত শিক্ষা থাকতো, তবে তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারতো। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থা কেবল চাকুরিজীবী তৈরির কারখানা হিসেবে রয়ে গেছে। এটি একটি বড় ধরনের ব্যর্থতা, কারণ একটি দেশের উন্নয়ন নির্ভর করে ওই দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যোগের ওপর।
এছাড়া, তথ্যপ্রযুক্তির এই যুগেও আমরা সনাতন ধারার শিক্ষা ব্যবস্থা আঁকড়ে ধরে আছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিংয়ের মতো বিষয়গুলো যখন বিশ্বজুড়ে চাকরির বাজারের মানচিত্র পাল্টে দিচ্ছে, তখন আমাদের শিক্ষার্থীদের বড় অংশই এসব বিষয়ে নূন্যতম ধারণা ছাড়াই স্নাতক সম্পন্ন করছে। ডিজিটাল অর্থনীতির সাথে মানিয়ে নেয়ার মতো দক্ষতা অর্জনের কোনো কার্যকর ব্যবস্থা আমাদের স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেই। এর ফলে আমাদের তরুণরা বৈশ্বিক ফ্রিল্যান্সিং বা রিমোট জব মার্কেটেও পিছিয়ে পড়ছে। অথচ সঠিক প্রশিক্ষণ থাকলে আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠী বিশ্ববাজারে অবদান রাখতে পারতো। এই দক্ষতা অর্জনের ঘাটতি পূরণ করতে না পারাটা আমাদের অদূরদর্শিতারই প্রমাণ।
এই সংকট নিরসনে আমাদের শিক্ষাব্যবস্থায় কেবল পরিমার্জন নয়, বরং আমূল পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পাঠ্যক্রম প্রণয়নের সময় শুধু একাডেমিক পণ্ডিতদের মতামত নিলেই হবে না, বরং শিল্পকারখানা, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ এবং শ্রমবাজারের প্রতিনিধিদের সাথে নিয়মিত এবং অর্থবহ পরামর্শ করতে হবে। শিক্ষার প্রতিটি স্তরে, বিশেষ করে উচ্চশিক্ষায় ইন্টার্নশিপ এবং হাতে-কলমে শেখার প্রক্রিয়া বাধ্যতামূলক করা জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার সেন্টারগুলোকে শুধু নামমাত্র কিছু সাইনবোর্ড দিয়ে না রেখে, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে হবে। এছাড়া, কারিগরি শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিকভাবে সচেতনতামূলক প্রচারণার কোনো বিকল্প নেই। যতক্ষণ না আমরা শ্রমের মর্যাদা বুঝতে শিখব এবং দক্ষতাকে পুঁজি করতে পারব, ততক্ষণ এই সংকট কাটানো সম্ভব নয়।
শিক্ষার মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের ভূমিকাকেও পুনর্মূল্যায়ন করতে হবে। যে শিক্ষকরা পাঠদান করছেন, তারাও কি সমসাময়িক বাস্তবতার সাথে পরিচিত? ক্রমাগত প্রশিক্ষণের অভাব এবং গবেষণার সুযোগের অপ্রতুলতা শিক্ষকদেরও আধুনিক জ্ঞান থেকে পিছিয়ে দিচ্ছে। শিক্ষকদের যদি ক্রমাগত শিল্পকারখানার সাম্প্রতিক উন্নয়নের সাথে যুক্ত রাখা না যায়, তবে তারা শিক্ষার্থীদের কীভাবে সেই চাহিদার জন্য প্রস্তুত করবেন? এছাড়া শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাও শিক্ষার মানে বড় প্রভাব ফেলছে। অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোনো শিক্ষকের পক্ষেই গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ঠিক রাখা এবং শিক্ষাঙ্গনে মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
সব মিলিয়ে, বেকারত্ব শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি জাতির মেধার অপচয়। আমাদের হাজার হাজার মেধাবী তরুণ যখন কর্মহীন বসে থাকে, তখন তা জাতীয় অর্থনীতির চাকা স্থবির করে দেয়। সামাজিক অস্থিরতা, মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির একটি মূল কারণ এই কর্মসংস্থানের অভাব। যখন একজন শিক্ষিত তরুণ তার জীবনের শুরুর দিকে কোনো কাজ পায় না, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, যা দীর্ঘমেয়াদে তার কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষার সাথে কর্মসংস্থানের সেতুবন্ধন রচনার কোনো বিকল্প নেই। সময় এসেছে আত্মোপলব্ধির এবং পরিবর্তনের।
পরিশেষে অত্যন্ত স্পষ্টভাবে বলা যায়, শিক্ষা শুধু একটি সনদ নয়, বরং শিক্ষা হলো দক্ষতা অর্জনের একটি নিরন্তর প্রক্রিয়া। কিন্তু আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা যেন এক গোলকধাঁধায় আটকে আছে, যেখানে লক্ষ্য অর্জিত হওয়ার চেয়ে প্রক্রিয়াটিই জটিল হয়ে পড়েছে। আমরা যদি দ্রুত আমাদের পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতিতে কর্মমুখী দক্ষতার প্রতিফলন ঘটাতে না পারি, তবে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবর্ণ সময়টি আমাদের জন্য আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত হবে। বেকারত্বের এই প্রকট সংকট দূর করতে হলে শিক্ষার সাথে কর্মসংস্থানের সমন্বয়ের লক্ষ্যকে প্রধান অগ্রাধিকার দিতে হবে। কেবল তখনই একটি শিক্ষিত প্রজন্ম দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত শিখরে নিয়ে যেতে সক্ষম হবে, যখন তাদের অর্জিত শিক্ষা কেবল খাতাপত্রে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজের জগতে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। মনে রাখতে হবে, একটি জাতির মেরুদণ্ড কেবল শিক্ষিত হয় না, সেটি দক্ষ ও কর্মমুখীও হতে হয়। এই রূপান্তর আজকের সময়ে সবচেয়ে জরুরি এবং এর কোনো বিকল্প নেই।
ওসমান গনি। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

