হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী বক্তব্যের জের: অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত মিজানুর রহমান আজহারি

0
হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী বক্তব্যের জের: অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত মিজানুর রহমান আজহারি

আজকের ডেস্কঃ বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদি সম্প্রদায়কে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করার দায়ে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

মাওলানা আজহারি ‘লিগেসি অব ফেইথ’ নামক একটি সিরিজের আওতায় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তৃতা দিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। কিন্তু সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেওয়া হয়। বর্তমানে তাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম পার্লামেন্টে জানান, আজহারির অতীতে দেওয়া বিভিন্ন বক্তৃতায় চরম ইহুদিবিদ্বেষী ও বর্ণবাদী উপাদান পাওয়া গেছে। সিডনি ও ক্যানবেরার স্থানীয় বিভিন্ন কমিউনিটি গ্রুপ এবং ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’ তার আগমনের বিষয়ে সরকারকে সতর্ক করেছিল।

আজহারির বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো তিনি হিটলারের নিষ্ঠুরতাকে “ইহুদিদের জন্য ঈশ্বরের শাস্তি” হিসেবে বর্ণনা করে নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক সভায় তিনি দাবি করেন, ইহুদিরাই বিশ্বে এইডস রোগ ছড়িয়েছে এবং তারা ‘বিষাক্ত দাগ’। ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘অমানবিক’ হিসেবে উপস্থাপন করে জনমনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এটিই আজহারির জন্য প্রথম নিষেধাজ্ঞা নয়। এর আগে হিন্দুবিদ্বেষী বক্তব্য এবং উগ্রবাদ ছড়ানোর আশঙ্কায় বৃটেনে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশের অভ্যন্তরে জনশৃঙ্খলার হুমকি ও ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে তার প্রকাশ্য বক্তৃতার ওপর কড়াকড়ি ও নজরদারি আরোপ করা হয়েছিল।

সিনেটর ডুনিয়াম বলেন, “যিনি বিশ্বের বিভিন্ন স্থানে বর্ণবিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত, তাকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া গভীর উদ্বেগের বিষয়।” অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের কাছে দেওয়া এক চিঠিতে সংখ্যালঘু বিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, আজহারির মতো ব্যক্তিত্বদের উপস্থিতি দেশটিতে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে উগ্রবাদকে বৈধতা দিতে পারে।

সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, “এই ব্যক্তি কেবল একটি নির্দিষ্ট ধর্ম নয়, বরং একাধিক সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ঘৃণামূলক বক্তব্য দিয়ে আসছেন, যা অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১ কোটি অনুসারী থাকা এই বক্তার সফর বাতিল হওয়ায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার আইন বিভাগ স্পষ্ট করেছে যে, ঘৃণা বা বর্ণবাদ ছড়ায় এমন কাউকে তাদের ভূমিতে ছাড় দেওয়া হবে না।