সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

0
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

জয়নাল আবেদীন: জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িত খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক নেতারা। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ওসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

প্রেসক্লাব রংপুরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দশটি সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, লিয়াকত আলী বাদল, সুশান্ত ভৌমিক সুবল, একেএম মঈনুল হক, মেরিনা লাভলী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ,সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল হোসেন বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী।

এছাড়াও মানববন্ধনে একাত্ম হয়ে অংশ নেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাবেক পরিচালক শ্রী মঞ্জুশ্রী সাহা রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল। । বক্তারা অবিলম্বে নাদিম হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ সরকার দলীয় সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগ হয়েছে, সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক ছাড় দিয়েছে। এই সুযোগ নিয়েই সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যানসহ তার লোকজন।