বাংলাদেশ প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচন সুন্দরভাবে করতে পারব। নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসবে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের মধুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট-কম্পিউটার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, গত ১৪-১৫ বছরে প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছেন, তা সারা পৃথিবীতে প্রসংশিত হয়েছে। ৩২ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করেছি। যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে বাস্তবায়ন করেছে। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে মধুপুরের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮৬ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট-কম্পিউটার বিতরণ করা হয়। এর আগে কৃষিমন্ত্রী টাঙ্গাইলে একদিনে ১ লাখ গাছের চারা রোপন উৎসবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন।

