জয়নাল আবেদীন : রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে সিটি সার্ভিস (সিটি বাস) চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে মহানগরীর অটো ও রিক্সা মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের ঘোষিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে উক্ত কর্মসূচি স্থগিত করা হয়। বুধবার দুপুরে নগরীর শাপলা চত্তর রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মহানগরীর ব্যাটারী চালিত অটো, রিক্সা, ভ্যান মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের যৌথ আলোচনা সভা থেকে সকল কর্মসূচি স্থগিত করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, মালিক ও শ্রমিকদের সাত দফা দাবীর মধ্যে সিটি বাস না নামানোর দাবীটি ছিলো ১টি গুরুত্বপুর্ণ দাবী। নগরীতে কোনো ইন্ডাষ্ট্রি নেই, নেই কল-কারখানা, নেই কোনো বিকল্প কর্মসংস্থান। কয়েক শ্রেণীর মানুষের রুটি রোজির ভরসা এখন এই পরিবহন। ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়ে সিটি বাস চালু করা হলে, নগরীর হাজার হাজার মালিক, শ্রমিক ও তার পরিবারের রিজেকে হাত দেয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মচারি, শিক্ষিত বেকার, দ্রারিদ্র শ্রমিকসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকা যুবকরা আজ এই পরিবহনের মাধ্যমে খুজে পেয়েছে কর্মসংস্থান। সার্বিক দিক বিবেচনা করে আমরা যে কর্মসূচি দিয়ে ছিলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে যৌক্তিক আলোচনা হওয়ায় এবং তাদের আশ্বাসের প্রেক্ষিতে সকল সংগঠনের নেতৃবৃন্দের সম্মতিক্রমে তা স্থগিত করা হলো।

