ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ উত্তরাঞ্চলে বেশীঃ অতিরিক্ত আইজিপি রুহুল আমীন

0
ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ উত্তরাঞ্চলে বেশীঃ অতিরিক্ত আইজিপি রুহুল আমীন

জয়নাল আবেদীন: এন্টি টেরোরিজম ইউনিটের অ্যাডিশনাল আইজিপি এসএম রুহুল আমীন সাংবাদিকদের বলেছেন ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ উত্তরাঞ্চলে বেশী, রংপুর বিভাগ অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার কারণে জঙ্গিরা এখানে বেশি সুযোগ নিয়েছে। শুধু এখানেই না সারা বাংলাদেশে তাদের অবস্থান আছে। ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও তাদের অবস্থান রয়েছে। তবে তুলনামূলক ভাবে উত্তরাঞ্চলে বেশী।

শনিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশের উদ্যোগে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারের আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত আইজিপি বলেন, রংপুর বিভাগে যত জঙ্গি ধরা হয়েছে, তা পার্সেন্টেজ আকারে একটু বেশি, তার মানে এই নয় শুধু রংপুরে আাছে। সারা দেশেই রয়েছে। রংপুরে জঙ্গিদের তৎপরতা বেশি থাকার কারণে আমরা আজকের সেমিনারটি এখানে নিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য সবদিকেই রয়েছে শুধু এখানে নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভার্চুয়াল  যুগে আমরা মনিটরিং করছি সাইবার পেট্রোলিং এর মাধ্যমে। আমরা জনসাধারণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই, কারণ তারা সহযোগিতা না করলে জঙ্গি দমন সম্ভব নয়। জনসাধারণকে সচেতন করার জন্য এই আজকের প্রোগ্রাম।

রুহুল আমীন বলেন, বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে এন্টি টেররিজম ইউনিট করা হয়েছে। এন্টি টেররিজমের প্রধানগণদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩/৪ মাসের মধ্যে তাদের ট্রেনিং শেষ হবে। তারা পরবর্তীতে তাদের আওতাধীন সকলকে প্রশিক্ষণ দেবে। আমাদের উদ্দেশ্য সকল সদস্যসহ জনসাধারণের মাঝে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সাথে জঙ্গিবাদের খুব বেশি সম্পর্ক নাই তারপরও নির্বাচন নিয়ে অস্থিরতা, মতবিরোধ আছে তাই জঙ্গিরা একটা সুযোগ নিতেই পারে সেক্ষেত্রে আমরা এন্টি টেররিজম, পুলিশ, র‌্যাবসহ সকল বাহিনী প্রস্তুত আছি।

বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম রংপুর বিভাগীয় ইউনিট উদ্যোগে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) সভাপতিত্ব করেন । এন্টি টেরোরিজম কেন্দ্রীয় দফতরের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীনের চমৎকার সঞ্চালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিটিসি‘র কমান্ডেন্ট বাসুদেব বণিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার) বিষয়ের উপর বক্তব্য দেন এন্টি টেরোরিজম রংপুর বিভাগীয় ইউনিটের প্রধান এডিশনাল ডিআইজি সুলতানা নাজমা হোসেন,রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন নদী গবেষক ড, তুহিন ওয়াদুদ, পীরগঞ্জ জাফরপাড়া উলুম আলিয়া মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আলী রংপুর জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী । আলোচনা শেষে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশে উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।