মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লিখিত অভিযোগ, ছেলের ৬ মাসের কারাদণ্ড

0
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লিখিত অভিযোগ, ছেলের ৬ মাসের কারাদণ্ড

জয়নাল আবেদীন: মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসহায় পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়ার পর মাদকাসক্ত ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ছেলেকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই ঘটনা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মহুরী পাড়া গ্রামে ।

জানা গেছে, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন অসহায় পিতা মহুবর রহমান। এরপর ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা-পুলিশকে অবগত করেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ছেলে লিখন মিয়ার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় পিতা মহুবর রহমান জানান, লিখন ঠিকমতো লেখাপড়া না করে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের মাদক সেবনের জন্য বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রিসহ তাদের থেকে টাকা চাইত। টাকা না দিলে তাদের ভয়ভীতিসহ নানারকম অত্যাচার করত। ছেলের এ ধরনের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তিনি আইনগত পদক্ষেপ নিতে ইউএনও নাহিদ তামান্নার কাছে আবেদন করেন।

ইউএনও ব্যবস্থা নিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন অবগত করেন। এ বিষয়ে ওসি দুলাল হোসেন বলেন, পুলিশ সদস্যরা মাদক সেবনের সময় লিখনকে আটক করে ইউএনওর কাছে নিয়ে গেলে মাদকদ্রব্য আইনে লিখনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লিখনের বাবা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।