বাংলাদেশ প্রতিবেদকঃ তৃতীয় দফায় প্রথম দিনের ৪৮ ঘণ্টার অবরোধে বগুড়া সদরে মহাসড়ক অবরোধের সমর্থনে মিছিলে ‘পুলিশের ছররা গুলিতে’ দশজন আহত হওয়ার দাবি করেছে জামায়াতে ইসলামী। তবে গুলি করার বিষয়টি স্বীকার করে পুলিশের দাবি, নিজেদের ছোড়া হাত বোমার বিস্ফোরণে জামায়াত নেতা-কর্মীরা আহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ২য় বাইপাস সাবগ্রাম ও বাঘোপাড়াতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদরের ঢাকা-রংপুর ২য় বাইপাস মহাসড়কের সাবগ্রামে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী লাঠিসোটা হাতে মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়৷ একপর্যায়ে পুলিশ জামায়াত-শিবির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শটগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। পরে তারা কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ছেড়ে চলে যায়।
একই সময়ে সদরের ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়াতে জামায়াত নেতা আলী আজগরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মিছিল বের করে। এই সময় আতঙ্ক ছড়াতে তারা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মীরা সদরের ২য় বাইপাস মহাসড়কের লিচুতলা মোড় অবরোধ করে রেখেছেন। সেখানে অবস্থান নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। এরকিছুটা দূরেই পুলিশ সতর্ক অবস্থানে আছে।

