বিমল কুন্ডু: শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বজ্রপাতে হাবিবুর রহমান হাবিব (২৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত হাবিব ওই গ্রামের লিয়াকত ব্যাপারির একমাত্র ছেলে।
নিহতের স্বজনরা জানায়, হাবিব ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পাশ করে বাড়িতে থেকে পিতার সাথে কৃষি কাজ করতো। এদিন সকাল ৯ টার দিকে আকাশে মেঘ দেখে হাবিব তার বাবা ও মায়ের সাথে বাড়ির পাশের জমিতে রাখা সরিষা আনতে যায়। একপর্যায়ে বজ্র সহ বৃষ্টিপাত শুরু হলে তারা দৌড়ে পাশের সেচ ঘরে আশ্রয় নিতে যায়। অন্যরা নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও বজ্রপাতে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে হাবিব নামে এক যুবকের মৃত্যুর ঘটনা শুনে তিনি পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন । এদিকে বজ্রপাতে এক সন্তানের জনক হাবিবের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

