শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে ফরিদ নামে এক যুবকের মৃত্যু

0
শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে ফরিদ নামে এক যুবকের মৃত্যু

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক শত্রুতার জেরে চাচাতো ভাইকে ছোঁড়া গুলিবিদ্ধ হয়ে ফরিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফরিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামের মোস্তফার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, টেপিরবাড়ি গ্রামের কফিল শেখ (আতাউর রহমানের) ছেলে শাকিবের সাথে চাচাতো ভাই ইমরানের পারিবারিক বিরোধ ছিল। বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাকিব(২৪) মারুফ(১৭) মাহফুজ(১৯) ও তার সঙ্গীয় দলবল সহ ২০/২৫ জন টেপিরবাড়ী মাটির মসজিদ নোমান স্পিনিং মিলের সামনে এসে ইমরানের উপর হামলা করে। এসময় শাকিব ইমরানকে লক্ষ্য করে গুলি করে। এই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমরানের পাশে থাকা তার বন্ধু ফরিদের শরীরে লাগে। এই সময় গুরুতর আহত অবস্থায় ফরিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, মৃত অবস্থায় ফরিদকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। ফরিদের গায়ে আমরা দুটি আঘাতের চিহ্ন পেয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেন, নিহতের মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।