বাংলাদেশ প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলে চার দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শাহবাগ ও পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় অবরোধ করেন তারা। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ভাগ হয়ে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের দিকে অগ্রসর হচ্ছেন।
বিকেল ৪টার দিকে বাংলা মোটর মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যা ৬টার দিকে মোতালেব প্লাজার দিকে অবরোধ করা হয়। বিকেল ৬টা ১০ মিনিটে কাওরান বাজার মোড় অবরোধ করা হয়। এরফলে সকল দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায়ের পক্ষে যতক্ষণ অবস্থান করা যায় তারা করবেন।
এর আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ মোড়, নীলক্ষেত, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও চানখারপুলে সড়ক অবরোধ করে। এর ফলে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ মোড়ের চারদিক থেকে আসা কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। ফলে রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট।
রাজধানীর চাঁনখারপুল মোড় অবরোধ করায় বন্ধ হয়ে গেছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানবাহন ওঠা-নামার সুযোগ। এর ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি। ফ্লাইওভারের ওপরে-নিচে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
সরেজমিনে দেখা গেছে, ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছে ব্যাপক যানজট। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, রামপুরা, হাতিরঝিল, নারায়ণগঞ্জ, পোস্তগোলা, পাগলা, ডেমরা স্টাফ-কোয়ার্টার, সিলেট, চিটাগাং রোড, শনির আখড়া, সাইনবোর্ডে যাওয়ার এবং আসার সুযোগ বন্ধ হয়ে গেছে। ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত যানবাহনকে। বিক্ষুব্ধ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের গাড়িও গন্তব্যে যেতে পারেনি।
বর্তমানে সময় যত গড়াচ্ছে সড়কে আটকে থাকা যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১০ শতাংশ নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য ৫ শতাংশ আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল।
ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে) সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২১ সালে সেই পরিপত্রের ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলে’র অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায়ে চলতি বছরের ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে সে ব্যাপারে আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পরে গত বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

