চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ বিএসএফ। সোমবার (৩ জানুয়ারি) ভোর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মাহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিশ, ইসাহাকের ছেলে দুরুল হোদা এবং মতি রাংগালের ছেলে মো. বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে চার বাংলাদেশি গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে।

ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে ১৬ বিজিবির রোকনপুর বিওপির কোম্পানি কমান্ডারের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করে এক বিজিবি কর্মকর্তা জানান, ৪ বাংলাদেশিকে আটকের বিষয়ে তারা কিছুই জানেন না। এই বলে কল কেটে দেন তিনি।

এ বিষয়ে জানতে বিজিবির নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।