জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

0
জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তার পরও দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের সঙ্গে আমরা আলোচনা করেছি। রাজনীতিবিদদের সঙ্গেও পরে আলোচনা করব।

সভায় উপস্থিত ইসির সাবেক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোথায় কোথায় গ্যাপ থাকে, যেখান দিয়ে নির্বাচনে কারচুপি হয় সেটাও আমাদের জানাবেন, যেন ব্যবস্থা নিতে পারি। কীভাবে জালিয়াতি করা যায়, সে অভিজ্ঞতা আপনাদের আছে, ম্যানিপুলেশন ঠেকানোর জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার সে পরামর্শ দেবেন।’

সিইসি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের সময় নারী, পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ ছিল। সেটা কমিয়ে এনেছি। আমরা পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। একটা মডেল বের করেছি। পারব কিনা জানি না, আমরা চেষ্টা করবো। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, একটা হাইব্রিড পদ্ধতি বের করেছি। এতে প্রবাসী, সরকারি চাকরিজীবী, কয়েদীরা ভোট দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একটা বিশেষ পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি। আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নেই। আমার জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। হয়তো এটাই শেষ সুযোগ দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এতে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।