ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার মেহেদী হাসান মিরাজের দল ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজের মুখোমুুখি হবে। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি। আফগান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
দলে ডাক পাওয়া মাহিদুলকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের সাম্প্রতিক দুরাবস্থার কাটানোর একটি পদক্ষেপ হিসেবে। ২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহিদুলের অভিজ্ঞতা ৯৬ ম্যাচের। চার সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন তিনি ৪৪.৫৩ গড়ে।
এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন সৌম্য। মূলত এশিয়া কাপের মাঝে চোটের কারণে লিটন দাস ছিটকে পড়ায় দুয়ার খুলে গেছে এই বাঁ-হাতি ব্যাটারের। আফগান সিরিজের পর ক্যারিবীয়দের সঙ্গেও ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না লিটনের।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

