কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার শেষ বিকেলে ফিশ ফ্রাই মার্কেটে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ,বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন। তাই ফিশ ফ্রাই মার্কেটের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে হবে। খাদ্যের মান, দাম নির্ধারণ ও আচরণের ক্ষেত্রে সততা ও আন্তরিকতা বজায় রাখলে কুয়াকাটার সুনাম আরও বৃদ্ধি পাবে। সভায় প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন, খাদ্যের মান বজায় রাখা, বাজারে প্লাস্টিক ও দূষণ কমানোর বিষয়ে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন,কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট শুধু ব্যবসার যায়গা নয়, এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাই আমাদের সবাইকে পরিচ্ছন্নতা, ন্যায্য মূল্য ও মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এতে পর্যটক সন্তুষ্ট থাকবেন এবং ব্যবসারও উন্নতি হবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, আমরা চাই কুয়াকাটাকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে। এজন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।সকল ব্যবসায়ীদের সরকারি বিধান মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান।

