পদ্মা বাঁচাতে মহা সমাবেশের ডাক চাঁপাইনবাবগঞ্জে

0
পদ্মা বাঁচাতে মহা সমাবেশের ডাক চাঁপাইনবাবগঞ্জে

ফেরদৌস সিহানুক শান্তঃ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপি।

রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সাবেক তিন এমপি। এসময় তারা বলেন, ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রুপান্তর হয়েছে। উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারনে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলী জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং পানিবন্দি হয় লাখো মানুষ।

বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা ও সাবেক এমপিরা আরও বলেন, এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ শুষ্ক মৌসুমে পানির নায্য বন্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির নায্য বন্টন নিশ্চিত করা হবে। এসময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষনা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম। এসময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।