মুলাদী প্রতিনিধি: বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির ও বরিশাল-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেছে, জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। ক্ষমতা কিংবা ব্যক্তি স্বার্থের জন্য এই দলের কেউ রাজনীতি করে না। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কেউ পদ-পদবী চাইতে পারেনা। দলে যারা পদে থাকেন তারা দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহি করার বাধ্যবাধকতা থাকে।
মুলাদী উপজেলার গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার কথা উল্লেখ করে জামায়াত নেতা জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেন, বিগত বছর গুলোতে একটি দল সরকারে ছিলো। তখন অনেক উন্নয়নের কথা শুনেছি। কিন্তু মুলাদী উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। অনেক সংসদ সদস্য গ্রামীণ জনপদ পরিদর্শন করেননি কিংবা তাদের দুর্ভোগ নিরসনের কথা চিন্তা করেননি। পরে তিনি অঙ্গীকার করে বলেন, নির্বাচনের জয়-পরাজয় যাই হোক, জনগণের কল্যাণে কাজ করবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামীর সহ-সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোতালেব, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, মুলাদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আলাউদ্দিন প্যাদা, ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো. আল মাসুম বিল্লাহ, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. হামীম সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

