বাংলাদেশ প্রতিবেদকঃ রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক বন্ধুর সঙ্গে তিন দিন আগে রাজধানী ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মূলহোতা বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তারের পর এবার প্রধান আসামি জরেজুলের প্রেমিকা শামীমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব- ৩।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব-৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাতমিকভাবে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে ডিবি। অপর এক বার্তায় র্যাব ৩ জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এরআগে, সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ব্যবসায়ী আশরাফুলের বোন। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতের পরিচয় নিশ্চিত হয় সিআইডির ক্রাইম সিন ইউনিট। নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো. আব্দুর রশিদের ছেলে।
স্বজনরা জানান, আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্ধু জরেজের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় যান আশরাফুল হক। পরদিন বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

