মহেশপুর সীমান্তে বিজিবির একাধিক অভিযানে ফেন্সিডিল-গাঁজা উদ্ধার, আটক-৬

0
মহেশপুর সীমান্তে বিজিবির একাধিক অভিযানে ফেন্সিডিল-গাঁজা উদ্ধার, আটক-৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ সীমান্ত পারাপার রোধে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ ও ২০ জানুয়ারি বিভিন্ন সময়ে রাজাপুর, উথলী, জীবননগর, বেনীপুর, কুমিল্লাপাড়া, বাঘাডাংগা ও কুসুমপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা এবং ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে গমন ও ভারত থেকে বাংলাদেশে আগমনকালে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।