উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৭ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করলেও গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুন অর রশিদ। এদিকে বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
৬ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা দলীয় প্রতীক পাওয়ার মধ্য দিয়েই তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নির্বাচনি প্রচারনা শুরু করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), দাড়িপাল্লা প্রতীক নিয়ে বেরিষ্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াত), হাতপাখা প্রতীক নিয়ে আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুস সোবহান (জাতীয় পার্টি) ও ট্রাক প্রতীক নিয়ে সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গন অধিকার পরিষদ)।
জানা গেছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ জন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতীক বরাদ্দের পর প্রচার ও প্রচারণার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

