শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মশিপুর মাদরাসা বাজারের একটি দোকানে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ঢুকে পড়লে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে । অপর ৪ জনকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৯টার দিকে মশিপুর বাজারে সেলিম মোল্লার দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিলেন। এ সময়ে বাঘাবাড়ি নৌবন্দর থেকে ছেড়ে আসা একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরী বগুড়া যাচ্ছিল। এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছালে ট্যাংলরির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানের মধ্যে ঢুকে পড়ে । এতে ওই দোকানে অবস্থান করা ৫ জন আহত হন।
আহতরা হলেন, বাবু সরকার, শাহান আলী , শওকত, সেলিম ও নূর মোহাম্মাদ। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, জ্বালানি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দোকানে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত ৫ জন আহত হয়েছেন। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

