স্ত্রী-সন্তান হারানো ট্র্যাজেডি: অবশেষে হাইকোর্টে জামিন পেলেন সাদ্দাম

0
স্ত্রী-সন্তান হারানো ট্র্যাজেডি: অবশেষে হাইকোর্টে জামিন পেলেন সাদ্দাম

আদালত প্রতিবেদকঃ স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চ ‘মানবিক দিক’ বিবেচনায় তার এই জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, সাদ্দামের জীবনের এই চরম শোকাবহ পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ৫ আগস্টের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় এক অভূতপূর্ব ও শোকাতুর দৃশ্যের সাক্ষী হয় যশোর কেন্দ্রীয় কারাগার। প্যারোল না পাওয়ায় সাদ্দামের স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী ও শিশুপুত্র নাজিমের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে আসা হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও সন্তানকে শেষ দেখা দেখার সুযোগ পান তিনি। কারাফটকের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্যারোল না পাওয়ায় জনমনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।

গত শুক্রবার বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী কারাগারে থাকায় দীর্ঘদিনের বিষণ্নতা ও একাকীত্ব থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী নিজেও আত্মহত্যার পথ বেছে নেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর অবশেষে স্ত্রী-সন্তানকে হারানোর কয়েকদিন পরই তিনি আদালতের পক্ষ থেকে এই মানবিক মুক্তি পেলেন।