উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার হাটে বেচার জন্য বোরো ধান চারা কম উঠেছে। মোকামি চারা আমদানি ছিল না। দুপুরে দুজন কৃষক নিজ বীজতলার চারা এনে বেচেছেন। দেড়শো মুঠো ধান চারা ১৩ শ টাকা বেচাকেনা হয়েছে। এক মুঠো ধান চারার দাম পড়েছে আট টাকা ৬৬ পয়সা।
উল্লাপাড়া উপজেলা সদরের শুক্রবার ও সোমবার হাটবারে বোরো ধান আবাদ মৌসুম কালে বোরো ধান চারা কেনাবেচা হয়। উল্লাপাড়া উপজেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে বেচার জন্য হাটবারে বোরো ধান চারা আনা হয়। কৃষক ও ব্যবসায়ীরা বেচার জন্য চারা আনেন। এছাড়া এলাকার কৃষকেরা নিজেদের জমিতে লাগানোর পর বাচতি চারা বেচতে হাটে আনেন। এখন বোরো ধান আবাদ শুরু হয়েছে। কৃষকদের কাছে ধান চারার চাহিদা আছে।
উল্লাপাড়া হাটে আজ শুক্রবার সরেজমিনে থেকে দেখা ও জানা গেছে পুঠিয়া গ্রামের কৃষক মো. আমজাদ হোসেন ও বাখুয়ার কৃমক খোরশেদ আলম নিজ বীজতলার চারা তুলে বেচতে এনেছিলেন। উল্লাপাড়া সদর ইউনিয়নের কৃষক মো. রিপন নিজের ২০ শতক জমিতে আবাদে দেড়শো মুঠো ধান চারা এক হাজার তিনশো টাকায় কেনেন। তিনি মো. আমজাদ হোসেনের কাছ থেকে ২৯ জাতের এ ধান চারা কেনেন। বাখুয়া গ্রামের কৃষক মো. খোরশেদ আলম নিজে বিঘা তিনেক জমিতে বোরো ধান আবাদে নিজ বীজতলার ২৯ জাতের চারা লাগিয়েছেন। তিনি বীজতলার বাচতি প্রায় চারশো মুঠো ধান চারা বেচতে হাটে এনেছিলেন। প্রতিবেদককে চারা বেচতে আনা মো. আমজাদ হোসেন বলেন তিনি প্রায় পাচশো মুঠো ধান চারা বীজতলা থেকে তুলে বেচতে এনেছেন। বীজতলা থেকে চারা তোলা বাবদ মোট দুইশো টাকা খরচ হয়েছে।

