বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে নির্বাচনের মাঠে কোনো অবস্থাতেই প্রাণঘাতী বা ‘লিথাল ওয়েপন’ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি বাহিনীর এই দৃঢ় অবস্থানের কথা জানান।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, “নির্বাচনকালীন উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অত্যন্ত কম শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। আমাদের লক্ষ্য হলো জানমালের ক্ষতি না করে পরিস্থিতি স্বাভাবিক রাখা। প্রতিটি সংসদীয় আসনে ইতোমধ্যে বিজিবির বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেকোনো সাধারণ নাগরিক বা সংশ্লিষ্ট ব্যক্তি এই ক্যাম্পগুলোতে তথ্য বা অভিযোগ জানাতে পারবেন। তথ্য পাওয়ামাত্রই আমাদের ‘কুইক রেসপন্স টিম’ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।”
রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। সেক্টর পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে কোনো অশুভ শক্তি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।
বিজিবি এই নির্বাচন নিয়ে কোনো বড় ধরনের শঙ্কা দেখছে না উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা আশা করছি সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। জনগণ যেন কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী অঙ্গীকারবদ্ধ।”

