চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করলেন ঠিকাদার মুখলেছুর রহমান

0
চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করলেন ঠিকাদার মুখলেছুর রহমান

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার ও বিএনপি নেতা মুখলেছুর রহমান (মুকুল) বুধবার স্থানীয় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই মিথ্যা সংবাদ অনলাইন পোর্টাল থেকে সরানো না হলে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদ সম্মেলনটি তিনি সকাল ১০টার দিকে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের অফিস কক্ষে করেছেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ আলী মলিন।

মুখলেছুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আমি প্রথম শ্রেণির ঠিকাদার এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি লক্ষ্য করছি, কিছু স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে রাজশাহী থেকে আগত কয়েকজন সাংবাদিক বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিভ্রান্তিকর প্রশ্ন করেছেন এবং মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করলে তারা আমার নামের সঙ্গে ঠিকাদার যোগ করে দূরব্যবহার শুরু করে। পরে তারা অ-নিবন্ধিত কয়েকটি ফেসবুক পেজ এবং অনলাইন পোর্টাল থেকে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

তিনি আরও বলেন, ওরা আমার বিরুদ্ধে হাসপাতালে রুগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং বিল ফাঁকি দেওয়ার মিথ্যা অভিযোগ প্রচার করেছে। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে রুগীদের সঙ্গে কথা বলার পর এই অভিযোগের কোনো সত্যতা পাননি। এছাড়া শহর থেকে আসা ওই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি, মানহানি এবং নারী কেলেঙ্কারির মামলা ইতোমধ্যে চলমান। আমি প্রমাণ স্বরূপ পেপার কাটিং ও মামলা কপি সংগ্রহ করেছি, যা প্রয়োজনে আদালতে উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আশরাফ আলী মলিন বলেন, মিথ্যা সংবাদ প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো প্রমাণ ছাড়া কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। সাংবাদিকদের উচিত সত্য ও সৎ সাংবাদিকতার মান বজায় রাখা।

মুখলেছুর রহমানের এই দাবিকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নিউজ পোর্টালেও ইতোমধ্যে খবর প্রকাশিত হয়েছে।