ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতি বদল করে হত্যা মামলার আসামি উধাও: ডেপুটি জেলারসহ ৬ রক্ষী বরখাস্ত

0
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতি বদল করে হত্যা মামলার আসামি উধাও: ডেপুটি জেলারসহ ৬ রক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অভিনব কায়দায় এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে মুক্তিপ্রাপ্ত এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে তিনি বেরিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ডেপুটি জেলারসহ ৬ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পালিয়ে যাওয়া আসামির নাম মো. হৃদয় (২৮)। তিনি কসবা উপজেলার নিমবাড়ী মধ্যপাড়ার মজিবুর রহমানের ছেলে এবং ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি।

কারাসূত্র জানায়, গত ২৯ জানুয়ারি বেলা ১১টা ৫২ মিনিটের দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের দিদার হোসেন নামে এক হাজতির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জেল থেকে বের হওয়ার সময় দিদারের পরিবর্তে তার নাম ও পরিচয় ব্যবহার করে প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান হত্যা মামলার আসামি হৃদয়। দিদারের সঙ্গে যোগসাজশ করেই হৃদয় এই কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই দায়িত্ব পালনে চরম গাফিলতির অভিযোগে সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন: ডেপুটি জেলার আজহারুল ইসলাম। কারারক্ষী মোরশেদ আলম, হানিফ মিয়া, শাহাব উদ্দিন, রবিউল আলম, জাহিদ হাসান ও মোহাম্মদ আবু খায়ের।

চট্টগ্রামের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিআইজি (প্রিজন) ছগির মিয়া টেলিফোনে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোমিনুল ইসলাম জানান, সাত আসামির মধ্যে গত শুক্রবার দিদার হোসেন ও পলাশ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি বর্তমানে কারাগারেই বন্দি রয়েছেন। তবে মূল পলাতক আসামি হৃদয়কে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গুরুত্বের সাথে অবহিত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।