ফেরদৌস সিহানুক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, সেনাবাহিনীর মেজর মুহিন উদ্দিন হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, “এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন ভবিষ্যতে একটি স্মরণীয় ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পায়, সে লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সব প্রার্থীই নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সহযোগিতা করবেন।”
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য ১৫৯টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার। উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৩১৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৮৬৫ জন।
এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোটের প্রার্থী মো. আব্দুল হালিম (ছড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।

