মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ফজর আলী (৫০), তিনি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, সোমবার বিকালে নাটোর জেলার বাসিন্দা মোসাঃ হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন।
সেই চালক (ফজর আলী) নির্ধারিত গন্তব্যে নিতে না নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিমলা পার্ক এলাকায় এসে একটি সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে তা স্বর্ণ দাবি করে টাকা নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে ভুক্তভোগী তা পুলিশকে জানান। টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফজর আলীকে আটক করে। তার দেহ তল্লাশি করলে উপহার লেখা একটি কালো ব্যাগ পাওয়া যায়।
ব্যাগের ভেতর ছিল একটুকরো ধাতব খণ্ড (প্রায় ১৭ গ্রাম), যা গোলাপি কাগজে মোড়ানো ছিল এবং একটি চিঠি ছিল, যাতে শ্রী জুয়েলার্স লেখা ছিল। জিজ্ঞাসাবাদে ফজর আলী পুলিশকে জানিয়েছে, এটি আসল সোনা নয়। সুযোগ বুঝে সে সাধারণ ধাতব খণ্ড ও চিঠি রাস্তায় ফেলে দিত এবং পরে তা যাত্রীদের সামনে উঠিয়ে স্বর্ণ দাবি করে বেশ বড় অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করত।
প্রতারণার শিকার ক্রেতারা তা আসল সোনা মনে করত। ঘটনার পর ডিবি পুলিশ ফজর আলীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

