৪১% প্রার্থীর আয় বছরে ৫ লাখের কম, কোটিপতিতে এগিয়ে বিএনপি: সুজন

0
৪১% প্রার্থীর আয় বছরে ৫ লাখের কম, কোটিপতিতে এগিয়ে বিএনপি: সুজন

বাংলাদেশ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রায় ৪১ শতাংশই আর্থিকভাবে স্বল্প আয়ের। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন-এর তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম। শতাংশের হিসেবে যা মোট প্রার্থীর ৪১.০৬ শতাংশ। এছাড়া ৭৪১ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ ১ টাকা থেকে ২৫ লাখ টাকার মধ্যে। অর্থাৎ, দেখা যাচ্ছে দেশের প্রায় ৭৫ শতাংশ প্রার্থীর বার্ষিক আয় ২৫ লাখ টাকার নিচে।

কোটিপতি প্রার্থীদের দৌড়ে শীর্ষ ১০

এবারের নির্বাচনে ১ কোটি টাকার বেশি আয় উল্লেখ করেছেন মাত্র ৯৫ জন প্রার্থী। কোটিপতি প্রার্থীদের আয়ের হিসেবে শীর্ষে থাকা ৫ জন হলেন: জাকারিয়া তাহের (কুমিল্লা-৮, বিএনপি): বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। মো. আসাদুল ইসলাম (টাঙ্গাইল-১, স্বতন্ত্র): বার্ষিক আয় প্রায় ৪০ কোটি টাকা। জাকির হোসেন পাটওয়ারী (লক্ষ্মীপুর-১, ইসলামী আন্দোলন): বার্ষিক আয় প্রায় ১৯ কোটি টাকা। মির্জা আব্বাস (বিএনপি): বার্ষিক আয় ৯ কোটি টাকার বেশি। সালাউদ্দিন আলমগীর (টাঙ্গাইল-৮, স্বতন্ত্র): বার্ষিক আয় ৮ কোটি টাকার বেশি।

সুজনের প্রতিবেদন বলছে, কোটিপতি প্রার্থীদের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি:৫১ জন কোটিপতি প্রার্থী। স্বতন্ত্র: ২৫ জন কোটিপতি প্রার্থী। জাতীয় পার্টি:৫ জন কোটিপতি প্রার্থী।

প্রতিবেদনে আরও দেখা যায়, ১৫৫ জন প্রার্থী তাদের আয় সংক্রান্ত তথ্য হলফনামায় উল্লেখ করেননি বা অসম্পূর্ণ রেখেছেন। বিশ্লেষকদের মতে, এই তথ্য গোপন করার প্রবণতা রাজনৈতিক স্বচ্ছতার জন্য একটি বড় অন্তরায়।

আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার উচ্চ আয়ের প্রার্থীর হার কিছুটা কমেছে। গত নির্বাচনে ১ কোটির বেশি আয় করা প্রার্থীর হার ছিল ৮.৭৭ শতাংশ, যা এবার কমে ৪.৫৯ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে ৫ লাখ টাকার কম আয়ের প্রার্থীর হারও ৪৫ শতাংশ থেকে কমে ৪১ শতাংশে নেমেছে।

এক নজরে প্রার্থীর আয়ের পরিসংখ্যান: ৫ লাখের নিচে: ৪১.০৬% (৮৩২ জন), ৫ লাখ – ২৫ লাখ: ৩৬.৫৭% (৭৪১ জন), ২৫ লাখ – ৫০ লাখ: ৬.৫১% (১৩২ জন), ৫০ লাখ – ১ কোটি:৩.৫০% (৭১ জন), ১ কোটির উপরে: ৪.৫৯% (৯৫ জন) তথ্য দেননি:৭.৬৫% (১৫৫ জন)