‘এখন শুধু মানুষ আর মানুষ, কুকুর খুঁজে পাবেন না’: ভোট দিয়ে সিইসির কড়া জবাব

0
‘এখন শুধু মানুষ আর মানুষ, কুকুর খুঁজে পাবেন না’: ভোট দিয়ে সিইসির কড়া জবাব

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত দিনের ‘ভোটারবিহীন’ নির্বাচনের স্মৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকে ইঙ্গিত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “ভোটকেন্দ্রে আগে তো আপনারা অনেক কুকুর দেখিয়েছেন টেলিভিশনে, আজ কেন্দ্রের ধারের কাছেও কুকুর দেখছি না। আগে মাঠ খালি কুকুরের ছবি দিয়ে টেলিভিশন ও পত্রপত্রিকায় দেখিয়েছেন, আজ কুকুর খুঁজে পাবেন না। এখন সব মানুষ আর মানুষ।”

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরে আসা প্রসঙ্গে সিইসি বলেন, “ইসির ওপর আস্থা এরই মধ্যে ফিরে এসেছে, তা না হলে এত লোক কেন্দ্রে আসত না। রাজনৈতিক দলগুলো মুখে যা-ই বলুক, তারা আমাদের ওপর আস্থা রেখেছে। আপনারা মিডিয়া কর্মীরাও যে এত ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন, সেটা আস্থার কারণেই।”

সারা দেশের ভোটের চিত্র তুলে ধরে সিইসি বলেন, “আমি টেলিভিশনে দেখেছি পঞ্চগড়ের মতো জায়গায় প্রচণ্ড কুয়াশার মধ্যেও নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের যুব সমাজ এবং নারীরাই আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার যে ওয়াদা করেছিলাম, তা পূরণ হচ্ছে। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেল।” তিনি আরও যোগ করেন, “পাতানো নির্বাচন কিংবা কেন্দ্র দখল—এসব এখন অতীত, মানুষকে এসব ভুলে যেতে হবে।”

নির্বাচন নিয়ে অপপ্রচার ও গুজব প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমানে এআই জেনারেটেড কন্টেন্ট (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তথ্য) আমাদের জন্য এক নম্বর থ্রেট। কানাডিয়ান হাইকমিশনারও আমাদের জানিয়েছেন যে তারা এআই ট্র্যাকেল করতে পারছেন না। মজার ব্যাপার হলো, আমাদের নির্বাচন নিয়ে অপপ্রচারের ৫০ শতাংশই হচ্ছে দেশের বাইরের বর্ডার থেকে, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।”

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ায়। আপনারা সত্য যাচাই না করে কোনো কিছু শেয়ার করবেন না। মেইনস্ট্রিম গণমাধ্যমকে সত্য তথ্য তুলে ধরে অপতথ্য মোকাবিলা করতে হবে।”

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে রেকর্ড ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এবারের নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে নির্বাচনের বড় সাফল্য হিসেবে দেখছেন সিইসি।