শাহজাদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ডক্টর এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরীক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে দিবাগত রাত ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি সর্বোচ্চ ভোট পাওয়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মুহিতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সহকারি রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন জানান, সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোস্টাল ব্যালটের ভোট সহ বিএনপি প্রার্থী এম এ মুহিত ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জানান, এ আসনের নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন (হাতপাখা ) ২৫৮০ ভোট, জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল ) ১০৯৮ ভোট, আমজনতার দলের আসাদুল হক (প্রজাপতি) ৬৯০ মভোট, জেএসডি’র ইলোরা খাতুন (তারা) ৮৯০ ভোট , ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) ১১৩০ ভোট, বাসদের মোঃ আনোয়ার হোসেন (মই) ৪০০ ভোট, এবি পার্টির আবু জাফর মোঃ আনোয়ারুস সাদাত (ঈগল) ২৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ৪৪১ ভোট, ও স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) ২৫২ ভোট পেয়েছেন।
এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। যার মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিধিসম্মত না হওয়ায় ৫ হাজার ,৫৫৮৬ জন ভোটারের ভোট বাতিল করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ৯০১ জন।
ভোট প্রদানের হার শতকরা ৫৯.৪৮% ।এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। কোন অপ্রীতকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ -৬ নির্বাচনী আসন গঠিত।

