বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়ে ট্রাম্পের চিঠি

0
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়ে ট্রাম্পের চিঠি

কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে অমীমাংসিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন।

গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি।” বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই চিঠির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে ট্রাম্প বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রস্তাব দিয়ে লেখেন: ঝুলে থাকা রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ বিশ্বের সেরা এবং অত্যাধুনিক আমেরিকান সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।

দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ট্রাম্প জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন হলে তা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের মেয়াদের শুরুতেই এই বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখা সম্ভব হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘মুক্ত ও অবাধ’ রাখার অভিন্ন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানিয়ে তিনি বলেন, “একসঙ্গে কাজ করে আমরা উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করতে পারি।”

সবশেষে তিনি নতুন প্রধানমন্ত্রীর আগামীর দিনগুলোর জন্য শুভকামনা জানান।