বাংলাদেশ প্রতিবেদকঃ চব্বিশের জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ভূমিকা না রাখার দায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনাসদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে, তা রুখতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকে এই নীরবতা সম্মতির শামিল। ফলে তিনি এই গণহত্যার নৈতিক ও আইনি দায় কোনোভাবেই এড়াতে পারেন না।”
বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আসন্ন সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে হবে। তিনি বলেন, “সংসদের প্রথম অধিবেশনেই তাঁকে অভিশংসন করা সময়ের দাবি। সাংবিধানিক প্রক্রিয়ায় তাঁকে পদচ্যুত করার পর গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করে গ্রেপ্তার করতে হবে।”
পিলখানা ট্র্যাজেডির কথা স্মরণ করে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অনেক ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের স্বজনরা উপস্থিত ছিলেন।

