আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: প্রবাসী বাংলাদেশিসহ নিহত ৪

0
আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: প্রবাসী বাংলাদেশিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের উত্তাপ এবার আছড়ে পড়ল সংযুক্ত আরব আমিরাতের বুকে। দেশটিতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় এক বাংলাদেশিসহ মোট চারজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যাপক ভিত্তিক এই সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা। আজ রোববার সকালেও আমিরাতকে লক্ষ্য করে ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১৭টি ড্রোন নিক্ষেপ করা হয়।

মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানায়, “আজকের হামলায় ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১৩টি ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। অবশিষ্ট একটি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে সমুদ্রে পতিত হয়েছে।”

আমিরাতি প্রতিরক্ষা দপ্তরের দেওয়া তথ্যমতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে দেশটির ওপর ইরানের হামলার মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এ পর্যন্ত আরব আমিরাতকে লক্ষ্য করে মোট ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১,৪২২টি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে তেহরান এই ‘পাল্টা আক্রমণ’ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সরাসরি সংঘাতের বাইরে থাকা সংযুক্ত আরব আমিরাতের ওপর এমন বিধ্বংসী হামলায় মধ্যপ্রাচ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিরপরাধ বিদেশি শ্রমিকদের প্রাণহানি এই সংকটকে আরও ঘনীভূত করেছে।

নিহত বাংলাদেশির পরিচয় এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট দূতাবাসগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে।