আজকের ডেস্কঃ দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী আলমগীর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছে।
আজ রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
এসটিএফের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে চাঞ্চল্যকর খুন ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বনগাঁ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই গ্রেপ্তার হন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, ঢাকায় ওসমান হাদিকে হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর দীর্ঘ সময় ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে ছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে তারা বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান নিলে পুলিশের নজরে আসে।
এসটিএফের পক্ষ থেকে গতকাল শনিবার (৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তারের কথা বলা হলেও, ভারতের স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সূত্র ভিন্ন দাবি করছে। জানা গেছে, আসামিরা গত বছরের ২৯ ডিসেম্বরই বনগাঁ থেকে ধরা পড়েছিল। এতদিন পর গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের তদন্তকারী সংস্থাও আগে থেকেই তাদের আটকের বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসটিএফ থানায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও আইনি প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

