উল্লাপাড়ায় গ্রাম আদালতের রায়ে কার্যকরে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন আবেদনকারী

0
উল্লাপাড়ায় গ্রাম আদালতের রায়ে কার্যকরে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন আবেদনকারী

উল্লাপাড়া প্রতিনিধি: সরকারের স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর অধিনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় দেশের জনগণকে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে উচ্চ আদালতের মামলা নং এন জি আর ১২৪/২০২৪( উল্লা:) বিচার গ্রাম আদালত কতৃক বিচার্য হওয়ায় বিগত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিরাজগঞ্জ মহোদয় থেকে বিচার নিষ্পত্তির জন্য মামলার নথি সংশ্লিষ্ট ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। যার মামলা নং ৩৫/২০২৫ । এ মামলার কার্যক্রম সে সময় দেশের অবস্থা অস্থিতিশীল থাকায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

পরবর্তীতে বিগত ২০২৫ সালের ৯ এপ্রিল ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চেয়ারম্যান এ টি এম সাহারুল হক সাচ্চু (দায়িত্বপ্রাপ্ত) মামলাটি পরিচালনার জন্য এবং গ্রাম আদালত গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন। এরপর মামলার আবেদনকারী ও প্রতিবাদী হাজির হয়ে উভয়পক্ষে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতে সদস্য মনোনয়ন করেন। উভয় পক্ষের মনোনীত দুইজন করে সদস্য করে মোট চারজন ও গ্রাম আদালত চেয়ারম্যানসহ মোট পাচজনকে নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়।

আবেদনকারী ও প্রতিবাদী মনোনীত সদস্য চারজন হলেন – ইউপি সদস্য মো. জাকারিয়া হোসেন , ইউপি সদস্য মোছা. কাজলী খাতুন , মো. রইচ উদ্দিন হিরা ও মো. আনোয়ার হোসেন রানা। প্রথম অধিবেশনে মামলাটি আপোষ মীমাংসা না হলে চূড়ান্ত শুনানীর দিন তারিখ নির্ধারণ হয়। চূড়ান্ত শুনানীর দিনে মামলার প্রতিবাদী মনোয়ারা বেগম অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে বিচারিক প্যানেলের পাচজন সদস্য ৫:০ ভোটে গ্রাম আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন এবং সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবাদী মনোয়ারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবাদী কর্তৃক আবেদনকারীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়।

প্রতিবাদী এই মামলার সিদ্ধান্তটি অবমাননা করে বিজ্ঞ উচ্চ আদালতে পুনরায় মামলাটি আপিল করেন। এরপর উচ্চ আদালত গ্রাম আদালতের সিদ্ধান্ত বহাল রেখে মামলাটি পুনরায় গ্রাম আদালতে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পাঠানো হয়।

এ মামলার ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা আজ ৯ মার্চ ২০২৬ রোজ সোমবার উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে প্রতিবাদী মনোয়ারা বেগমের কাছ থেকে আদায় করে গ্রাম আদালত চেয়ারম্যান এটি এম সাহারুল হক সাচ্চু এর প্রতিনিধিত্বে আবেদনকারী মো. রাকিব হোসেনকে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা লুচি আক্তার , ইউপি প্রশাসনিক কর্মকর্তা শরীফুল ইসলাম, হিসাব সহকারী এস এম সোহাগ, ইউপি সদস্য রফিকুল ইসলাম , আনোয়ার হোসেন। গ্রাম আদালতের মাধ্যমে দীর্ঘদিনের একটি মামলা নিষ্পত্তি হলো।