জয়নাল আবেদীন: রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামী মোঃ মামুনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর নগরীর লালবাগস্থ একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার সামছুল হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, ভূক্তভোগী দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রেম নিবেদন করতো মামুন। এরই এক পর্যায়ে গত ২৫ জানুয়ারী মামুন তার আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীর মাথায় হাত দিয়ে বিয়ের জন্য শপথ করে ধর্ষণ করে।
এ ঘটনার পর মামুন ওই ছাত্রীকে পাশ কাটিয়ে চলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে হাতিবান্ধা থানায় মামলা করলে র্যাব আত্মগোপনে থাকা মামুনকে সোমবার রংপুর নগরী থেকে গ্রেফতার করে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

