ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ড্রাইভের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

0
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ড্রাইভের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। চলমান এবং ঝুলে থাকা সব ধর্ষণ মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ বা ‘স্পেশাল ড্রাইভ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা আজ স্বতঃপ্রণোদিত হয়ে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে বর্তমানে চলমান এবং আগে দায়ের হওয়া সমস্ত ধর্ষণ মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সমাজ থেকে ধর্ষণের মতো ঘৃণ্য প্রবণতা চিরতরে বন্ধ করতে হবে।”

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, কেবল নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে দ্রুত ‘অ্যাকশন’ নিতে হবে। এই প্রক্রিয়ায় যুক্ত সব পক্ষকে—পুলিশ, প্রসিকিউশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে—একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। মামলার তদন্ত থেকে শুরু করে রায় ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে গতি আনতে যেখানে যতটুকু আইনি বা প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, তা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আরও বলেন, ঝুলে থাকা মামলাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা। স্বরাষ্ট্র, আইন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয় সাধন।

মন্ত্রিপরিষদ সচিব আরও যোগ করেন, “প্রধানমন্ত্রী এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলেছেন। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, দ্রুত বিচার নিশ্চিত করাই এই স্পেশাল ড্রাইভের মূল লক্ষ্য।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশনার ফলে দীর্ঘসূত্রতা কাটিয়ে ধর্ষণ মামলাগুলোর বিচার ত্বরান্বিত হবে, যা সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।