সাদ্রায় ৯৮ বছরের ঐতিহ্যে ভিন্ন সুর: মাত্র ৭ মুসল্লির ঈদ জামাত, বাকিরা করবেন শুক্রবার

0
সাদ্রায় ৯৮ বছরের ঐতিহ্যে ভিন্ন সুর: মাত্র ৭ মুসল্লির ঈদ জামাত, বাকিরা করবেন শুক্রবার

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফে দীর্ঘ ৯৮ বছর ধরে চলে আসা আগাম ঈদ উদযাপনের ঐতিহ্যে এবার বড় ধরনের বিচ্যুতি দেখা দিয়েছে। বিশ্বের কোথাও চাঁদ দেখার খবরের ভিত্তিতে প্রতিবছর আগেভাগে ঈদ করলেও, এবার মাত্র ৭ জন মুসল্লি মিলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দরবার শরিফের অনুসারীদের বড় একটি অংশ এবার ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় সাদ্রার একটি নির্দিষ্ট স্থানে এই সংক্ষিপ্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মরহুম মাওলানা ইসহাকের সাহেবজাদা মাওলানা আবুবক্কর চৌধুরী। মাত্র ৭ জন মুসল্লি নিয়ে এই জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাধারণত আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ঈদ পালন করেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। মাওলানা ইসহাকের দৌহিত্র মাওলানা ইয়াহিয়া চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “দীর্ঘ যাচাই-বাছাই শেষে দেখা গেছে, আফগানিস্তান, নাইজার ও মালির চাঁদ দেখার সংবাদগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক। শরিয়তের বিধান অনুযায়ী, নিছক সন্দেহের ওপর ভিত্তি করে রোজা ভেঙে ঈদ করা জায়েজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ বৃহস্পতিবার রমজানের ৩০তম রোজা পূর্ণ করার। ইনশাআল্লাহ, শুক্রবার আমরা যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন করব।”

উল্লেখ্য, ১৯২৮ সাল থেকে মাওলানা ইসহাক (রহ.)-এর হাত ধরে চাঁদপুরে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা ও ঈদ পালনের প্রথা শুরু হয়। দীর্ঘ ৯৮ বছর ধরে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা এই নিয়ম মেনে আসছেন। বর্তমানে চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এই রীতি ছড়িয়ে পড়েছে। শুরুর দিকে এই প্রথা নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও মতবিরোধ থাকলেও কালক্রমে তা স্বাভাবিক উৎসবে রূপ নেয়।

প্রতিবছর এই দিনে সাদ্রায় ঈদের সাজসাজ রব থাকলেও এবার পরিবেশ ছিল অনেকটাই শান্ত। অধিকাংশ অনুসারী রোজা রাখায় অন্যান্য বছরের মতো গণ-জামাত অনুষ্ঠিত হয়নি। তবে মাওলানা আবুবক্কর চৌধুরীর নেতৃত্বে ৭ জনের এই জামাতটি ছিল মূলত তাদের দীর্ঘদিনের প্রথাকে প্রতীকীভাবে ধরে রাখার একটি প্রচেষ্টা।