বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনাবলী ও নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন।
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারপ্রাপ্ত কমিশনার জানান: শুধু জায়নামাজ, রোদ-বৃষ্টি থেকে বাঁচতে ছাতা এবং মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে। কোনো ধরনের ব্যাগ, সুটকেস বা দাহ্য বস্তু নিয়ে ঈদগাহে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরে মোট ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলা প্রাঙ্গণেও নামাজের সুব্যবস্থা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপসমূহ: প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনকে প্রবেশের মূল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে। জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকায় যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। ঈদগাহের আশপাশের রাস্তায় কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
ডিএমপি কমিশনারের বার্তা, “নিরাপত্তা নিশ্চিতে আমরা একাধিক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সবাইকে অনুরোধ করব অপ্রয়োজনীয় ব্যাগ বহন না করে পুলিশের তল্লাশিতে সহযোগিতা করার জন্য।”

