বাংলাদেশ প্রতিবেদকঃ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হলেও আপাতত সেখানে উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের নিজস্ব বাসভবনেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রশাসনিক কাজ ও রাষ্ট্রীয় প্রটোকল বজায় রেখেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর তিনি সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন। বর্তমানে সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় কার্যক্রম তদারকি করছেন।
উল্লেখ্য, গুলশানের এই ১৯৬ নম্বর বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল। এই বাড়ির ঠিক পাশেই অবস্থিত ‘ফিরোজা’, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত বছর এই বাড়ির মালিকানা সংক্রান্ত যাবতীয় আইনি দলিল বিএনপি চেয়ারপারসনের হাতে তুলে দেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।
১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রীর স্থায়ী আবাসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে সংস্কার করে প্রস্তুত করা হচ্ছে। সংস্কার কাজ শেষ করে ভবনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজানোও হয়েছিল। তবে প্রধানমন্ত্রী আপাতত শৈশবের স্মৃতি ও মায়ের সান্নিধ্যঘেরা গুলশানের পরিবেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

