বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর তুরাগে মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (২১) নামের এক তরুণী। আজ বৃহস্পতিবার সকালে চলন্ত রিকশা থেকে ব্যাগ ধরে ছিনতাইকারীদের দেওয়া এক হ্যাঁচকা টানে পিচঢালা সড়কে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ কয়েক ঘণ্টার লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উত্তরা হাউজবিল্ডিং মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন মুক্তা। কাজ শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে তুরাগ মেট্রোরেল স্টেশন এলাকায় ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল ও পরে অন্য একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তা আক্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরগুনায় হলেও তারা বর্তমানে উত্তরার ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতালের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বামী লিমন হোসেন। তিনি আক্ষেপ করে বলেন, “এবার বরগুনায় বাবার বাড়িতে ঈদ করার কথা ছিল ওর। খুব খুশি ছিল যাওয়ার জন্য। ঈদের কেনাকাটা করতে গিয়েই ছিনতাইকারীরা ওকে মেরে ফেলল। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

