মাসুদ রানা রাব্বানীঃ বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, জনবান্ধব ও দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রীয় বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ, ২০২৬) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বর্তমান ইউনিফর্ম নিয়ে সদস্যদের মধ্যে বিদ্যমান চাপা অসন্তোষের কথা প্রকাশ্যে আনেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি অনুধাবন করেছি যে, বর্তমানের এই পোশাকে তারা সন্তুষ্ট নন। একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য নতুন ইউনিফর্ম প্রবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ইনশাআল্লাহ, দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতির অবসান ঘটানোর ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা জনগণের প্রকৃত বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি জানান।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ এএসপি আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ এক বছরের কঠোর পরিশ্রমে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক মো. ফাহিম ফয়সাল, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ শাওন রেজা, বেস্ট শ্যুটার বাপী কুমার দাশ।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষে নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার শপথ নিতে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে নিরলস কাজ করার আহ্বান জানান।

