শাহজাদপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
শাহজাদপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে চাদাঁর দাবিতে প্রকাশ্য দিবালোকে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । আশংকাজনক অবস্থায় ওই ব্যবসাসীকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সকল দোকান পাট বন্ধ রেখে বিকেলে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

জানা গেছে, বুধবার (১ এপ্রিল ) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর বাজারের রবীন্দ্র কাছাড়িবাড়ির গেটের সামনের দোকানে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে । এ সময় দোকান মালিকের মানিকের ছেলে অন্তর (২৪) চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ডা হয় । এসময় ২০/ ২৫ জনের কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অন্তর ও তার বাবা মানিক (৫২)কে কুপিয়ে জখম করে চলে যায় । পরে আশংকাজনক অবস্থায় অন্তরকে প্রথমে সিরাজগঞ্জ এবং পরে বগুড়া হাসাপাতালে নেয়া হয়েছে । অন্যদিকে তার বাবা মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীরা কাপড় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে এমন খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা থানার প্রধান ফটকের সামনে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারন সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নাদিম আলী, আরাফাত ইসলাম রবিউল, শ্রমিক নেতা খোকন আলী প্রমুখ ।

বক্তারা বলেন, এই সন্ত্রাসীরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য । তারা অভিযোগ করেন চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানায়। অন্যথায় সকল দোকানপাঠ বন্ধ করে কঠোর আন্দোলনে যাবার ঘোষনা দেয়া হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক । অপরাধী যেই হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।