আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে একটি আবেগঘন ও যুক্তিপূর্ণ খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশিত এই চিঠিতে তিনি দেশটির ঐতিহাসিক অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি বর্তমান সংকট নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার চিঠিতে ইরানের দীর্ঘ ইতিহাস তুলে ধরে জানান, আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো রাষ্ট্রের ওপর আগ্রাসন চালায়নি কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি। তার ভাষ্যের মূল পয়েন্টগুলো হলো, ইরান আগে কখনো যুদ্ধ শুরু করেনি; তবে আক্রান্ত হলে আত্মরক্ষায় পিছপা হয়নি। ইরানকে তিনি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা হিসেবে উল্লেখ করেন, যা সবসময় শান্তির পক্ষে কথা বলেছে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো কেন ইরানকে ‘হুমকি’ হিসেবে চিত্রায়িত করে, তার একটি নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন পেজেশকিয়ান। তিনি দাবি করেন ইরানকে হুমকি হিসেবে দেখানো কোনো বাস্তব সত্য নয়, বরং এটি ক্ষমতাধর দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশি। পশ্চিমা অস্ত্র শিল্প টিকিয়ে রাখা, সামরিক আধিপত্য বজায় রাখা এবং কৌশলগত বাজার দখলের জন্য একটি কৃত্রিম ‘শত্রু’ বা ‘ভিলেন’ তৈরির প্রয়োজন থেকেই ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
সম্প্রতি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলার নিন্দা জানিয়ে পেজেশকিয়ান একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা। মনে রাখতে হবে, এই যুদ্ধের দাবানল শুধু ইরান বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ভয়াবহতা ছড়িয়ে পড়বে বহুদূর।”
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই চিঠি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে। সরাসরি কোনো দেশের সরকারকে না লিখে সাধারণ জনগণের কাছে এই আবেদন মূলত বিশ্ব জনমতকে ইরানের পক্ষে টানার একটি কূটনৈতিক কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

