কেশবপুরে পুলিশের ওপর হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

0
কেশবপুরে পুলিশের ওপর হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতারের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হলে তিনজন সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মাইকিং এর মাধ্যমে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার এক পর্যায় তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সহ তিনজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুইজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।