আগামী তিন মাস বাড়ছে না তেলের দাম, পর্যাপ্ত মজুত আছে: ইসমাইল জবিউল্লাহ

0
আগামী তিন মাস বাড়ছে না তেলের দাম, পর্যাপ্ত মজুত আছে: ইসমাইল জবিউল্লাহ

ফরিদপুর প্রতিনিধিঃ সরকার ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর এবং আগামী তিন মাসের মধ্যে তেলের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, “জ্বালানি তেলের বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও জনবান্ধব সরকার এখন পর্যন্ত দাম বাড়ায়নি। আমাদের পাইপলাইনে প্রচুর তেল আসছে এবং মজুতও সন্তোষজনক। সুতরাং আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অসাধু চক্র যেন মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ইসমাইল জবিউল্লাহ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বা ‘৩১ দফা’ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ইশতেহারের অনেকগুলো লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিগত সরকারের সমালোচনা করে বলেন, “অতীতের মতো ঘাস কাটার নামে লোকদেখানো কোনো কাজ এবার হবে না। খাল খননের প্রতিটি টাকা স্বচ্ছতার সাথে ব্যয় নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় শুধু খনন নয়, খালের পাড়ে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছ চাষের ব্যবস্থা করা হবে, যা কৃষকদের সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতির স্বপ্ন পূরণ করবে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও উপজেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সহযোগিতা করার এবং পরিবেশ রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।