হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব: ভবন ধসে আটকা বহু, ইসফাহানে ইসরাইলি পাল্টা হামলা

0
হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব: ভবন ধসে আটকা বহু, ইসফাহানে ইসরাইলি পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত এখন চূড়ান্ত যুদ্ধের রূপ নিয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়েছে। অন্যদিকে, পাল্টা জবাব হিসেবে ইরানের ইসফাহানেও জোরালো হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ইরানের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানলে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। হাইফা ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস স্টেশনের কমান্ডার কোবি মিজরাহি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়ে আছেন।

তিনি বলেন, “আমরা আইডিএফ (IDF) হোম ফ্রন্ট কমান্ড এবং জরুরি পরিষেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ে আটকে পড়াদের কাছে পৌঁছানো।”

রাতভর চলা এই তল্লাশি অভিযানে এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, তবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, তাদের অবকাঠামো এবং বেসামরিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইসফাহানে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান এক চুলও ছাড় দেবে না। তিনি সতর্ক করে বলেন, সেতু বা বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে সমানুপাতিক পাল্টা জবাব দেওয়া হবে। বেসামরিক এলাকায় হামলাকে ‘যুদ্ধাপরাধের উসকানি’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি উল্লেখ করেন যে, গত পাঁচ দশক ধরে ইরানিরা প্রমাণ করেছে তারা যেকোনো শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম।

এদিকে, যুদ্ধের ময়দান ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনেও চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ এক বিবৃতিতে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানায়, তারা পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা অব্যাহত রাখবে।