জয়নাল আবেদীনঃ রংপুরের মিঠাপুকুরে সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে এক ভ্যানচালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা ও দলীয় ভাবমূর্তি রক্ষায় অভিযুক্ত নেতাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
অভিযুক্ত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় প্রচারণায় অংশ নেওয়ায় এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় কাজের পুরস্কার হিসেবে তাকে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এনামুল।
অভিযোগে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ‘ঈদের পর কার্ড দেওয়া হবে’—এমন অযুহাতে ওই নারীর বাড়িতে যান এনামুল। বাড়িতে ভুক্তভোগীকে একা পেয়ে তিনি প্রথমে অশালীন আলাপ শুরু করেন এবং একপর্যায়ে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির পর ওই নারী নিজেকে মুক্ত করে পালিয়ে বাঁচেন।
“আমরা গরিব মানুষ, স্বামী ভ্যান চালায়। সেই সুযোগ নিয়ে এনামুল কার্ড দেওয়ার নাম করে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। এখন উল্টো আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এর বিচার চাই।”
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তড়িৎ ব্যবস্থা নেয় উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী সংবাদমাধ্যমকে এনামুলের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত এনামুল হককে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার এবং আইনি প্রক্রিয়ায় সহায়তার আশ্বাস দিয়েছে বিএনপি নেতৃত্ব।
অভিযোগের বিষয়ে এনামুল হক বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার জেরে আমাকে ফাঁসানো হচ্ছে।” তবে ঠিক কারা বা কেন তাকে ফাঁসাচ্ছে, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
অন্যদিকে, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, লোকমুখে বিষয়টি শুনলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সামাজিক নিরাপত্তা বা সরকারি কার্ডের প্রলোভন দেখিয়ে নারীর ওপর এমন নিপীড়ন ক্ষমার অযোগ্য। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অপরাধীদের পার পাওয়ার সংস্কৃতি বন্ধ করতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

